অর্পিতা মুখার্জী, কলকাতা: সমাজমাধ্যমে করা এক পোস্টের জেরে ফের পুলিশি তলব পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ মে এক্সে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই পোস্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই ২৭ মে এফআইআর হয়। ওই মামলাতেই এবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় অভিযোগ জানিয়েছিলেন। তাঁর দাবি, জ্ঞানেশকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করে অভিষেক সমাজমাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসায় উস্কানি, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারা রয়েছে সেই মামলায়।
অভিযোগকারীর আরও দাবি, অভিষেকের ওই মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। একজন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার পরেও তিনি গোটা গুজরাতি সম্প্রদায়কে ‘গ্যাং’ বা অপরাধী চক্র বলে দাগিয়ে দিয়েছেন। এতে ওই সম্প্রদায়ের অপমানের পাশাপাশি দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিও নষ্ট হতে পারে। তাই দ্রুত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বলে অভিযোগপত্রে জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে একাধিক মামলা হয়েছে। একাধিকবার তিনি পুলিশ ও সিআইডি-র কাছে হাজিরাও দিয়েছেন।
শুক্রবার অন্য একটি মামলায় তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে গিয়েছিল পুলিশ। গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর হয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। ওই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। তার আগেই মে মাসের মামলায় শনিবার তাঁকে তলব করা হল।