ওঙ্কার ডেস্ক: চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচনের পর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আয়োজিত হবে। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ হতে পারে বঙ্গে। আর সেই সংশোধনের ফলে রাজ্যে প্রায় ১৪ হাজার বুথের সংখ্যা বাড়তে চলেছে বলে খবর। কারণ, যে সমস্ত বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছে, সেগুলি ভেঙে তৈরি করা হবে নতুন বুথ।
রাজ্যের কোন কোন বুথে নির্ধারিত ভোটারের চেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অগস্ট সর্বদলীয় বৈঠক হবে। সেই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে খবর। কমিশন সূত্রের খবর, বর্তমানে বঙ্গে প্রায় ৮০ হাজার বুথ রয়েছে। এর সঙ্গে যদি নতুন ১৪ হাজার বুথ যোগ হয় তাহলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে প্রায় ৯৪ হাজারে। আর এই বিপুল সংখ্যক বুথে বিরোধীরা কতটা সাংগঠনিক ক্ষমতা দেখাতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস খুব একটা সমস্যায় পড়বে না বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে বিজেপি কিংবা সিপিআইএম-এর সাংগঠনিক যে পরিস্থিতি, তাতে বুথের সংখ্যা বাড়লে বিরোধীরা সমস্যার মুখে পড়তে পারেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের এক নেতার দাবি, বঙ্গে যদি বুথের সংখ্যা বাড়ে তাহলে জোড়াফুল শিবিরের কোনও ক্ষতি হবে না। কারণ সব বুথে লোক দেওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা তৃণমূল ছাড়া আর কোনও দলের নেই। বিরোধীদের কী অবস্থা বাস্তবে, তা সকলেই জানেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ২০২৬ সালে বঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে। বুথ বাড়লে বিজেপির কোনও সমস্যা হবে না বলে মত গেরুয়া শিবিরের।
