নিজস্ব সংবাদদাতা, কলকাতা : কালিগঞ্জ উপনির্বাচনের সর্বশেষ ভোট গণনার পর, ৬৬ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আলিফার বাবা বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। বাবার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা আলিফা আহমেদ। এই উপনির্বাচনে ভোট পড়ে প্রায় ৬৯ শতাংশ।
গত ১৯ তারিখ ছিল নদিয়ার কালিগঞ্জ এর উপনির্বাচন। মুলত তিন মুখী ভোট যুদ্ধ চলেছে এই বিধানসভায়। উল্লেখ্য তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই এই উপনির্বাচন। কালিগঞ্জে তৃণমূল থেকে নাসিরুদ্দিনের কন্যা আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ এবং বাম-কংগ্রেস জোটের হয়ে দাঁড়িয়েছিলেন কাবিল উদ্দিন শেখ।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানালেন সাধারণ মানুষ, দলের কর্মী ও সমর্থকদের।

সোমবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, বর্ণ, জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এই জয়কে ‘মা-মাটি-মানুষ’-এর জয় বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কালীগঞ্জের তৃণমূল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন তিনি। মমতা লিখেছেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এই সাফল্যের জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন।”
