ওঙ্কার ডেস্ক: পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের কাছেও ছিল না তাঁর সাম্প্রতিক কোনও ছবি। তদন্তে নেমে কার্যত দিশাহারা হয়ে পড়েছিল পুলিশ। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে মিলল সাফল্য। শৈশবের একটি ছবি ব্যবহার করে ওই মহিলার বর্তমান চেহারার সম্ভাব্য অবয়ব তৈরি করে উত্তরপ্রদেশ পুলিশ। সেই ছবি দেখেই তাঁকে শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা। অবশেষে রাজস্থানের চুরু জেলা থেকে উদ্ধার করা হল ওই মহিলাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলার নাম মঞ্জু খারওয়ার (৩০)। তিনি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে রাজস্থানের চুরু জেলায় বসবাস করছিলেন। সোনভদ্রের পুলিশ সুপার অভিষেক বর্মা শুক্রবার জানিয়েছেন, পাঁচ বছর আগে নিখোঁজ হয়েছিলেন মঞ্জু। গত ১৪ জুলাই তাঁর মা কিসমত দেবী বাবভানি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামেরই এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই মঞ্জুর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তদন্ত শুরু হলেও সমস্যায় পড়েন পুলিশকর্মীরা। কারণ, পরিবারের কাছে মঞ্জুর সাম্প্রতিক কোনও ছবি ছিল না। শেষ পর্যন্ত তাঁর শৈশবের একটি ছবি উদ্ধার করেন তদন্তকারীরা। ছবিটি ২০০৭ সালের। তখন তিনি চতুর্থ শ্রেণির ছাত্রী। এরপরই তদন্তে ব্যবহার করা হয় এআই প্রযুক্তি। বাবভানি থানার কনস্টেবল বিজয় পাণ্ডে ওই পুরনো ছবির সঙ্গে মঞ্জুর বাবা-মা এবং বোনের ছবি বিশ্লেষণ করেন। সেই তথ্যের ভিত্তিতে তৈরি করেন তাঁর বর্তমান চেহারার সম্ভাব্য ছবি। এআই দিয়ে তৈরি ছবিটি পরিবারের সদস্যদের দেখানো হয়। তাঁরা ছবিতে মঞ্জুকে শনাক্ত করেন। এর ফলে তদন্তকারীরা তাঁর পরিচয় এবং সম্ভাব্য অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পান। পুলিশ সুপার জানান, ওই ছবির সূত্র ধরেই গত ১৬ অক্টোবর রাজস্থানের চুরুতে মঞ্জুর অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ।
এরপর সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। জানা যায়, স্বামী উমেন্দ্র এবং দুই সন্তানকে নিয়ে সেখানেই সংসার করছিলেন তিনি। এই ঘটনায় এআই প্রযুক্তির ব্যবহার এবং তদন্তে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন কনস্টেবল বিজয় পাণ্ডে। তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেলের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারও তাঁকে ২১০০ টাকা পুরস্কার দিয়েছেন।