নিজস্ব সংবাদদাতা : উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন শিক্ষক বদলির প্রক্রিয়ায় আপাতত বন্ধই পড়ে থাকছে। শুক্রবার শিক্ষা দফতরের তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি এবং আইনি পরামর্শের ভিত্তিতে অনলাইন বদলির প্রক্রিয়ার স্থগিত রাখার মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হচ্ছে। ফলে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন নেওয়া হবে না। তবে পারস্পরিক বা মিউচুয়াল ট্রান্সফার এই নির্দেশের আওতায় আসছে না, আগের নিয়মেই চলবে এর কার্যকলাপ। সরকারি সূত্রের খবর, শিক্ষক বদলির ক্ষেত্রে অতিরিক্ত আবেদন ও প্রশাসনিক জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের শেষের দিকে জারি নির্দেশিকা অনুযায়ী ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনলাইন বদলির উপর স্থগিতাদেশ ছিল। সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদনে প্রাথমিক শিক্ষা আইন ১৯৭৩-এর ধারা ১০৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাড-হক কমিটি, সব জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে। তবে বদলির সুযোগ একেবারে বন্ধ হচ্ছে না, মিউচুয়াল ট্রান্সফার আগের মতোই চালু থাকবে বলে আশ্বস্ত করেছে শিক্ষা দফতর।
