ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, গত কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও রবিবার থেকে আবারও শুরু হতে পারে ভারী বৃষ্টি। রবিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়াও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।
মঙ্গল ও বুধবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে উত্তরবঙ্গে।
