ওঙ্কার ডেস্ক: লাগাতার বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে যে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হচ্ছিল তা এবার সরে উত্তরবঙ্গের দিকে গিয়েছে। যার প্রভাবে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখনও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। ৭ই অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা অধিক রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। রবিবারের পর সোম ও মঙ্গলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূনাবর্ত সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। আইএমডি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে গোটা দেশেই।
রবিবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উওর ও দক্ষিণ দিনাজপুরে।
