ওঙ্কার ডেস্কঃ শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ। অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতোই ক্ষমতায় এসে এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু করল সরকার। প্রথম পর্বে এদিন ২৮ লাখ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব-সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হল। যারা যোগ্য সবাই এর সুযোগ পাবেন। অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম দেওয়া হয়েছে। প্রথম থেকে নভিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এসএআইআর পরবর্তী সময় দেখা গিয়েছে বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। এমন লক্ষ লক্ষ ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা চাই না কোনও অভারতীয়র অ্যাকাউন্টে সরকারের টাকা যাক।
সূত্রের খবর, অনলাইন এবং অফলাইনে এই ফর্ম পাওয়া যাবে। যারা এই ফর্মফিলাপ করতে পারবেন না তাঁদের বাড়িতে প্রতিনিধি পাঠানো হবে। ফর্মফিলআপের দায়িত্ব সরকারের। আগামী তিনমাস ফর্ম ফিলআপের প্রক্রিয়া চলবে। সাতদিন অন্তর তালিকা সংশোধনের কাজ করা হবে বলেও এদিন ঘোষণা মুখ্যমন্ত্রী।