ওঙ্কার ডেস্ক: চন্দ্রনাথ খুনে আততায়ীরা যে বাইক ব্যবহার করেছিলেন, তার মালিকের সন্ধান পেতে কালঘাম ছুটে যাচ্ছে পুলিশের। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ঠিকানায় হানা দিয়ে মালিককে পাওয়া যায়নি। বরং ওই ঠিকানায় যিনি রয়েছেন তাঁর নাম একেবারে আলাদা। তিনি এই বাইকের সঙ্গে কোনও ভাবে যুক্ত নয় বলে তদন্তে জানা গিয়েছে। পুলিশের অনুমান ওই বাইকটি ভুয়ো ঠিকানা দিয়ে এবং মালিকের ভুয়ো নাম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল।
বুধবার রাতে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে আততায়ীরা। সেই খুনের সময় বন্দুকধারীরা বাইকে চেপে এসেছিল। বাইকের নম্বর প্লেট ও রেজিস্ট্রেশনের সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মালিক ও ঠিকানা আসানসোল দক্ষিণের বার্নপুরের। বৃহস্পতিবার সেই ঠিকানায় হানা দেয় পুলিশ। বাইকের মালিক হিসেবে যে নাম পেয়েছে পুলিশ তার নাম বিভাস ভট্টাচার্য। কিন্তু আসানসোলে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন ওই ঠিকানায় বিভাস নামের কেউ থাকেন না। যিনি থাকেন তাঁর নাম ধরম বীর। স্থানীয়দের সঙ্গে কথা বলেও বিভাস নামের কারোর হদিস পায়নি পুলিশ। ওই নামে কেউ সেখানে থাকেন না বলেও জানান স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাইক থেকে চন্দ্রনাথকে গুলি করা হয়েছিল সেই বাইকের রেজিস্ট্রেশন নম্বর: ডব্লিউবি৪৪ডি১৯৯০। পশ্চিম বর্ধমান আরটিও অফিস থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল যানটির। মালিকের নাম নথিভুক্ত রয়েছে বিভাস কুমার ভট্টাচার্য, পিতা: বি. বি. ভট্টাচার্য। ২০১২ সালের ৪ মে সেটি রেজিস্ট্রেশন করা হয়। বৈধতার মেয়াদ রয়েছে আগামী ২০২৭ সালের ২ মে পর্যন্ত। ঠিকানায় উল্লেখ করা হয়েছে, কোয়ার্টার নম্বর এবি৭/১২, গুরুদ্বারা রোড, বার্নপুর, হীরাপুর, বর্ধমান, পশ্চিমবঙ্গ।