ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার বিভিন্ন বিধানসভা এলাকা। হিংসা রুখতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কড়া হুঁশিয়ারি দিলেও তাতে কোনও কাজ হচ্ছে না। এই আবহে নির্বাচন কমিশন জানিয়ে দিল অশান্তি বা গোলমালের ঘটনায় জড়িতদের কাউকে রেয়াত নয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
রাজ্যে চলমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ। জেলাশাসক এবং পুলিশকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় সর্বদা নজরদারি চালানোর কথা বলা হয়েছে। উল্লেখ্য, ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের দিকে দিকে হিংসার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। জোড়াফুল শিবিরের দলীয় কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও বারুইপুর, হাওড়া, বীরভূমের নানুর-সহ একাধিক জায়গায় ‘সন্ত্রাস’-এর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের বপার্টি অফিসে ভাঙচুর চালাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপির তরফে জানানো হয়েছে, তারা কোনও ভাবেই হিংসার ঘটনার সঙ্গে জড়িত নয়। বিজেপির রাজ্য সভাপতি আগেই হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপির পতাকা নিয়ে কোনও হিংসা ঘটানো যাবে না বলে। তিনি রাজনীতির রং না-দেখে হিংসার ঘটনায় পদক্ষেপ করার জন্য রাজ্যের মুখ্যসচিবের কাছে আর্জি জানিয়েছেন।