ওঙ্কার ডেস্ক: আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবর্তনের ভারতের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি মনে করিয়ে দিলেন, এই প্রতিষ্ঠান দেশের বহু বাঁকের সাক্ষী হয়ে রয়েছে।
শনিবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ৭৫ বছরে দেশ অনেকটা পথ এগিয়েছে। একসময় গরুর গাড়ির যুগ থেকে আজ বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে ভারত। গত ১২ বছরে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন বলেও দাবি করেন তিনি। মহিলাদের জন্য শৌচালয় তৈরির মতো কাজের উল্লেখ করে মোদী বলেন, আগে অনেকেই ভাবতেন গরিবি কখনও দূর করা যাবে না। কিন্তু তাঁর সরকার ক্ষমতায় এসেই গরিবদের শক্তিশালী করার কাজ শুরু করেছে।
পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিয়ম ভেঙে নতুন করে ভাবতে শিখতে হবে। সীমাবদ্ধতা পেরিয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেন তিনি। নিজের প্রসঙ্গ টেনে মোদী জানান, চ্যালেঞ্জের মুখোমুখি না হলে তিনি শান্তি পান না। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মাটি বরাবর নতুন ভাবনার জন্ম দিয়েছে। স্বাধীনতা আন্দোলনের এই ভূমি থেকে আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়াই বিকশিত ভারতের আসল শক্তি। দেশের প্রথম সাধারণ নির্বাচনের আগেই আইআইটির জন্মের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশ গঠনে বরাবর সামনের সারিতে থেকেছেন।
এদিন সকাল দশটা নাগাদ খড়্গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খারাপ আবহাওয়ার কারণে সফরসূচিতে সামান্য পরিবর্তন হয়। প্রথমে হেলিকপ্টারে আইআইটিতে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য সড়কপথে সেখানে পৌঁছন মোদী।
আইআইটি খড়্গপুরে সদ্য চালু হওয়া চিকিৎসা শিক্ষা কোর্সের ক্যাম্পাস ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অন্যরা। আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।