অর্পিতা মুখার্জী, কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। সূত্রের খবর, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তবে ঠিক কী হয়েছে বিধায়কের তা এখনও স্পষ্ট না।
জানা গেছে, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। প্রায় চার ঘণ্টা কেটে গেলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন। রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউ-এর ১০ নম্বর বেডে চিকিৎসা চলছে রেখার। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা নেতৃত্বও এ নিয়ে মুখ খোলেননি। সূত্রের খবর, রবিবার সকালে হাসপাতালে রেখার খোঁজ নিতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
বলে রাখা ভালো, রেখা পাত্র হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। সন্দেশখালি আন্দোলনের সময় সামনের সারিতে উঠে আসেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।