ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবহে কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কমিশন ও বিজেপিকে নিশানা করেন ডায়মন্ডহারবারের সাংসদ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, ‘আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত। এখন কে ভোট দেবে দেশের সরকার তাদের বাছাই করছে। কে ভোটার লিস্টে থাকবে, আর কার নাম বাদ যাবে। তা সরকার বেছে নিচ্ছে।’ তিনি এদিন বলেন, ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম উচিৎ প্রথমে লোকসভা ভেঙে দিয়ে ভোটে লড়া।
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘তাদের লক্ষ্য, কোনও দিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকত, এই ভোটার লিস্টের নিরিখেই ২০২৪ সালে আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। যেখানে বাংলা-সহ দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে দেশের সরকার এসেছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য- প্রথমে লোকসভা ভেঙে দিয়ে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে, যাঁরা মন্ত্রিসভায় আছেন, তাঁরা নির্বাচিত হয়েছেন এই ভোটার লিস্টের নিরিখে।’
