ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের যোগ্য পরিবারগুলিকে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের রিফিল ভর্তুকি বণ্টনের একটি অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। রাজ্যের ১ কোটি ৮৯ লক্ষেরও বেশি উপভোক্তা এই সুবিধার আওতায় আসবেন।
উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত যোগ্য পরিবারগুলিকে রান্নার গ্যাসের সিলিন্ডার রিফিলের জন্য ভর্তুকি দিতে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। অনুষ্ঠানে গ্যাসের দাম এবং কেন্দ্রীয় ভর্তুকির হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যোগীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ টাকা ৪৫ পয়সা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ টাকা ভর্তুকি দেয়। ফলে উপভোক্তাকে নিজের পকেট থেকে দিতে হয় ৬৪৮ টাকা ৫৫ পয়সা। মুখ্যমন্ত্রী জানান, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলিকে বছরে দীপাবলি ও হোলি উপলক্ষে একটি করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। তাঁর কথায়, গ্যাসের খরচে যে টাকা সাশ্রয় হবে, তা দিয়ে পরিবারগুলি উৎসবের জন্য মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে। এদিন কংগ্রেস সরকারের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও টানেন যোগী। তাঁর দাবি, আগের সরকারের আমলে একটি গ্যাসের সংযোগ পেতেও সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হত। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে গ্যাসের সংযোগ দিয়েছে। তাঁর মতে, এটাই সুশাসনের উদাহরণ।
এদিকে, আগামী ৭ নভেম্বর অযোধ্যায় আয়োজিত হতে চলেছে দীপোৎসব। এই উৎসবকে সামাজিক সংহতির প্রতীক বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে তাঁর অযোধ্যা যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে যোগী বলেন, জাতপাতের বিভাজনকে অতীতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, দীপোৎসব বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মানুষকে একই সাংস্কৃতিক আবহে একত্রিত করে। ২০১৭ সালে রাজ্য সরকার এই উৎসবের সূচনা করেছিল।