তোকেই ভালোবাসি
রঞ্জনা রায়
তোকে ভালোবাসি তোকেই ভালোবাসি
বৃষ্টি ভেজা রাতে তোকে ভালোবাসি।
অগোছালো ভোরে তোকেই ভালোবাসি
উত্তর বসন্তে তোকে ভালোবাসি
শীতের উষ্ণতায় তোকে ভালোবাসি।
দিন যাপনের রুক্ষাতায় তোকে ভালবাসি
ঝড়ের নিশানায় তোকে ভালোবাসি –
শুধু শুধু তোকেই ভালোবাসি।
অতৃপ্তির মেঘলা চাদর উড়ে যায়
তোর ঠোঁটে ছুয়ে বারুদ হই
শরীরে জ্বলে নীলাভ রংমশাল।
অসংখ্য মানুষের ভীড়ে
তোর হাতে হাত রেখে
দাড়াই সূর্যের মুখোমুখি।
উত্তুঙ্গ স্পর্ধায় মেঘমন্দ্র স্বরে বলে উঠি
“তুই আমারই ভালবাসা
আমার পিপাসার শান্তিজল।”