দাবানল
ডঃ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
গহন রাত্রি পেরিয়ে উদ্দাম সুখায়ত তোমার বন্ধনী
আমাকে নিয়ে যায় সম্মোহিত ব্যারাকে ৷
সুকুমারী চালে খুলে যায় ভোরের আগল ৷
সারারাত আমার গা থেকে খসে পড়েছে যে পাপড়িরা,
তাদের কুড়িয়ে নিয়ে, একেএকে জুড়ে দিই শরীরের খাঁজে ৷
তবু প্রতিনিয়ত তোমার স্পর্শের অনুচ্চারিত অনুরণন
আচ্ছন্ন করে রাখে আমার বোধকে ৷
থিতানো রাত্রির গায়ে মুহূর্তের আমিষ ক্যালিগ্রাফি ৷
তরুদের বাকলের ভাঁজে ভাঁজে জমে আছে বাসি ঘাম, ভাপ ওঠা নিঃশ্বাস ৷
ভৈরবী স্রোতে তোমার পরিযায়ী গমন ছিন্ন করে অস্থায়ী নোঙর ৷
আমি বারুদের গ্রাস গিলে আগলাচ্ছি আমায় ৷
ঝরা পাতার বুকেও যে আগুন আছে প্রমাণ পাবে তা, আসন্ন গ্রীষ্মে দাবানলের সময় ৷