বিছানায় শুয়ে আছি
অংশুমান চক্রবর্তী
গভীর রাতে ঘুমের পথ ধরে
মাঝেমাঝেই আমি মৃত্যুর পাড়ায় ঘুরে আসি
অসংখ্য মুখের ভিড়ে
শায়িত নিথর একজন মানুষকে দেখে
আশ্চর্যরকম শান্ত হয়ে যাই
সমুদ্রতীরে উন্মুক্ত শরীরে শুয়ে আছে সে
ছুঁয়ে যাচ্ছে ছোট-বড় ঢেউ
অপলক তাকিয়ে থাকি, দীর্ঘক্ষণ
মুখ দিয়ে কথা ফোটে না
একসময় উপলব্ধি করি
ঢেউয়ে ভেজা শায়িত বিবর্ণ মৃতদেহটি আসলে আমার
তখন বুকফাটা কান্না উঠে আসে, শব্দহীন কান্না
মূক ও বধির মনে হয় নিজেকে
আরও বেশি শীত পায়, কুঁকড়ে যাই
সহসা উন্মাদের মতো তোমার বুকের তাপ নিতে গিয়ে দেখি
ছিঁড়ে গেছে ঘুম, মুছে গেছে স্বপ্ন
বিছানায় শুয়ে আছি নিঃসঙ্গ, নিদারুণ একা
একাকী জীবন আসলে মৃত্যুর নামান্তর…