ভয়
সপ্তদ্বীপা অধিকারী
মিমিকে পাওয়া যাচ্ছে না। সকালে সবার সাথে ব্রেকফাস্ট খেয়েছে সে। তারপর থেকে সে বেপাত্তা। প্রথমে ভাবা হয়েছিল যে, সে হয়ত ঘরে আছে। ভাবার সাথে সাথে খোঁজাও চলছে। ডাকাও। কিন্তু সে নেই। নেই মানে কোত্থাও নেই। ঘরে-বাইরে-বাথরুমে-পাশের বাড়ি-সামনের রাস্তায়! কোত্থাও মিমি নেই! মিমির মাত্র চার বছর। কিচ্ছু বোঝে না সে। সব কথা শোনেও না। কিন্তু না বলে দূরে কোথাও যাবার মতো অবাধ্য মেয়ে সে নয়!
মায়ের প্রাণে অন্য কিচ্ছু এলো না। মেয়ে সন্তান যে!
সে প্রথমেই কেঁদে ফেলল।
আর বলল–“পুলিশে চলো!”
বাবার মুখ শুকিয়ে চুন।
ঘরে,বাইরে, সামনের রাস্তায় মিমির বাবা বারবার চক্কর দিয়েছে এখনো ঘুরছে পাগলের মতো আর ডাকছে–“মিমি!”
মেয়ে কোত্থাও নেই!
আত্মীয়-স্বজন-বন্ধু-স্কুলের সহপাঠী থেকে শুরু করে একে একে সক্কলকে ফোন করা হয়ে গেছে। কোত্থাও সে নেই! যেন মিমি বলে চার বছরের মেয়েটা কোনোদিনই জন্মায়নি এই পৃথিবীতে। ডেকে ডেকে ক্লান্ত মা। কেঁদে কেঁদে অসুস্থ মা। উভয়ে উভয়কে দোষারোপ করছে মা-বাবা। আবার দুজনে দুজনকে জড়িয়ে ধরে হাহাকার করছে। মাঝে মাঝে মা ছটফট করে বলছে–“পুলিশের কাছে চলো। এখনো হয়তো বেঁচে আছে…!”
বাবা এবার মায়েদের মতো কেঁদে ফেলছে!
মা বললে–“আচ্ছা, এই মুহূর্তে ও কি রক্তাক্ত?”
বাবা মায়ের মুখ চেপে ধরে।
মা বলে–“ও খুব কাঁদছে… ওর কষ্ট হচ্ছে…!”
বাবা বলে–“আজেবাজে চিন্তা না করে চলো পুলিশে জানাই।”
মা বলে ওঠে–“তাই চলো।”
বলেই মা ঘরের চাবি নিয়ে বেরোতে চায়।
বাবা বলে–“আরে থামো।”
মা বলে–“থামবো কেন ? ও, নাইটি পরে আছি তাই? আমার আর পোশাক পরে কী হবে বলো? আমার সোনার চাঁদের তো…!”
মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বলে–“যোনি নিয়ে জন্মানোটাই তো মস্ত বড়ো অপরাধ!”
বাবা চমকে ওঠে।
যা সে এতোক্ষণ মনে মনে ভেবেছে, যা সে মুখে উচ্চারণও করতে পারেনি এতোক্ষণ, সেই চিন্তাটা যখন ভাষারূপ পেলো, তা অসহ্যকর হয়ে উঠল বাবার কাছে!
সে তার ওইটুকু মেয়ের জন্য এবার শঙ্কিত হয়ে পড়ল।
যে কথা এতোক্ষণ মা বলছিল, এবার বাবার মনেও সেইসব চিন্তার উদয় হতে লাগল।
বাবার দুশ্চিন্তাও ভাষারূপ পেলো।
বাঁচতে কে না চায়?
তাই বাবা বলল–“এখন আর এসব করে পার পাবে বলে ভেবেছো? সকালে ধরলে বিকালে খরচ! দেখছো না পরপর কী ঘটছে ?”
মা বললে–“তুমিও আর সকলের মতো কথা বলছো ? অন্যের সন্তান খরচ হলে আমার কি লাভ ? বলো ! হতে পারে এই অত্যাচার কমে যাবে অদূর ভবিষ্যতে। বা একদম বন্ধ হয়ে যাবে। তাতে আমার কোল কি ভরবে ? না হয় ভরবে না ভেবেও সান্ত্বনা পেলাম যে, আর কোনো অঘটন ঘটবে না ! কিন্তু আমার ওই একরত্তি মেয়েটা এই মুহূর্তে যে নরক-যন্ত্রণা ভোগ করছে, তাকে ভুলবো কেমন করে ? বলো…!”
মা কাঁদতে কাঁদতে মাটিতে আছাড় খেয়ে পড়ল !
কান্নার দমকে দমকে মায়ের মুখ দিয়ে লালা বেরিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল।
পরক্ষনেই মা উঠে পড়ল।
বলল–“আচ্ছা, ওরা কি মিমির ওই ছোট্ট শরীরটাকে দলে-পিষে-চটকিয়ে-কামড়িয়ে ক্ষত-বিক্ষত করছে?… মিমি কাঁদছে…! ওরা মিমির মুখ চেপে ধরেছে ! ওগো আমার মিমিকে বাঁচাও!”
মা আবার গড়াগড়ি খাচ্ছে।
মায়ের প্রাণ যেন এই মুহূর্তে বেরিয়ে যাবে।
এইসময় মায়ের মনে পড়ে গেল একটা কথা। তাদের শোবার ঘরের জানালার সামনে দিয়ে একটা গলি দেখা যায়। ওই গলি দিয়ে মানুষ যাতায়াত করে খুব কম। নির্জন। কিন্তু অন্ধকার হলেই ওখানে কতোগুলো ছেলে জটলা করে। আড্ডা দেয়। বিড়ি খায়। মিমি জানলায় বসে একদিন হাসছিল সেই দিকে তাকিয়ে। মিমির মা খেয়াল করেও গুরুত্ব দেয়নি। মিমি নিজেই বলল–“মা, মা ওই কাকুগুলো আমার সাথে কথা বলে ! হাত নেড়ে নেড়ে ডাকে !”
মা যথারীতি গুরুত্ব দেয়নি সেদিন। সে জানে তার মেয়েকে সে কোত্থাও একা যেতে দেবে না কোনোদিন। তার দেহে প্রাণ থাকতে সে তার মেয়েকে কোত্থাও যেতে দেবে না। কিন্তু সেই মেয়েও আজ হারিয়ে গেল ! তার প্রাণ থাকতেও তার মেয়েটা সেই হারিয়েই গেল তো !
সে তো বাঁচাতে পারল না তার একরত্তি মেয়েটাকে !
মায়ের কানে অভয়া-নির্ভয়া-আর জি কর-বারুইপুর ইত্যাদি সব একাকার হয়ে গেল ! বিকৃত জন্তুর মতো কঁকিয়ে উঠে সে বলল–“আচ্ছা ওরা মনে হয় ব্লেড দিয়ে ওর ছোট্ট শরীরটা কেটে ফালাফালা করছে এখন ! এরপর কী করবে গো ? গলাটা কেটে দুই ভাগ করবে ? নাকি জীবন্ত বস্তায় ভরে জলের পাঁকে পুঁতে দেবে !”
বাবা চিৎকার করল–“চুপ করো!”
বললে–“এখনকার পুলিশ খুব তৎপর। ওখানে গিয়ে কেস করতে হয় না। হেল্প লাইনে ফোন করে দিয়েছি। চিন্তা কোরো না ! পুলিশ এই এলো বলে! সেই সব দিন আর নেই গো !ওরা শাস্তিও পাবেই।”
মা মাথা নাড়ছে দুইদিকে অনবরত। যেন প্রবল ঝড়ে গাছের মাথা দুলছে। তার ক্ষমতা নেই নিজেকে থামানোর।
বাপ এক গ্লাস জল এনে ধরল মায়ের সামনে।
মা বললে–“জল ? জল কী হবে গো ? আমার মাথায় দেবে ?”
বলে সে থামল কিছুক্ষণ।
তারপর বলল–“আমার মিমি ডাকল শুনতে পেলে ? ওই শোনো, মিমি আবার ডাকল। শুনলে তুমি ?”
ঠিক এই সময় কলিং বেলের শব্দ শুনে বাবা তাড়াতাড়ি দরজা খুলে দিল।
তখন আবার মিমির গলা শোনা গেল। সে
বলে উঠল–“আমি এখানে !”
মা বললে–“আমি মিমির গলা শুনলাম !”
বাপ বললে–“আমি এবার পাগল হয়ে যাবো !”
মা বললে–“যদি সত্যি সত্যি মেয়েকে একবার ফিরে পাই, দুজন মিলে আত্মহত্যা করব। তবুও ওইরকম নৃশংস ধর্ষণে মৃত্যু চাইব না ! ঈশ্বর আমার মেয়েটাকে ধর্ষণের হাত থেকে বাঁচাও !… মারতেই যদি চাও আমি ওর মা, কথা দিচ্ছি মেরে ফেলবো। আমরা মা আর মেয়ে একসাথে মরে যাবো। কথা দিচ্ছি। শুধু ধর্ষিতা হয়ে মৃত্যু দিও না ঈশ্বর !”
ততক্ষণে পুলিশ অফিসার সদলবলে ভিতরে প্রবেশ করেছেন।
তাঁদের কাজ দ্রুত শুরু করে দিলেন।
বললেন–“মেয়ের নাম কী ? বয়স কতো ? কী পোশাক পরে ছিল ? কখন তাকে শেষবারের মতো দেখেছেন ? “
সেইসময় আবার মিমির ডাক শোনা গেল–“মা, আমি এখানে !”
এবার তা মিমির মা-ই শুধু নয়, বাবা এবং পুলিশরাও শুনতে পেয়েছেন। আওয়াজ লক্ষ্য করে যাওয়া হল দোতলার শোবার ঘরে।
মা হাহাকার করছে–“মিমি মা আমার, কোথায় তুই ? ওমা ,?মাগো !”
আলমারির একটা পাল্লা হঠাৎ খুলে গেল। দেখা গেল ভিতরে মিমি বসে আছে।
মাকে দেখেই হাসতে হাসতে সে বেরিয়ে এল আলমারি থেকে।
হাসতে হাসতে বলল–“খুঁজে পেলে না তো!”

মিমি ব্রেকফাস্ট করার পর মাকে বলেছিল যে, সে সেই ছুটির দিনে মায়ের সাথে লুকোচুরি খেলবে। বলেই সে লুকিয়েছিল। তাকে তার মা খুঁজে না পাওয়ায় খুশিও হয়েছিল। কিন্তু হাজার কাজে ব্যস্ত মা মিমির লুকোচুরির ইচ্ছার কথা শোনেওনি।
এদিকে মিমি ভেবেছে মা তাকে খুঁজে পায়নি। সে খেলায় জিতে গেছে ভেবে অত্যন্ত পুলকিত হয়ে আলমারি থেকে বার হবার পর পুলিশ দেখে এবং তাকে নিয়ে তার মা-বাবা যা করছে তা দেখে সহজ সরল মেয়েটার লুকোচুরি খেলার সাধ জন্মের মতো ঘুঁচে গেল। সে অবাক বিস্ময়ে সকলের কথা শুনতে লাগল।
মিমির মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাউহাউ কাঁদতে লাগল। পুলিশ কাকুরা তাকে নানারকম উপদেশ দিচ্ছিলেন। মিমির বাবা তাকে কোলে নিয়ে কোত্থাও একা না যেতে বলল। সব্বাই মিলে কেমন করে বোঝাচ্ছে যে কাকে বলে ব্যাড টাচ। কাকে বলে বিপদ। কাকে বলে নারী। সে হতভম্ব হয়ে চেয়ে রইল। বারবার সে সেই গলির দিকে তাকাচ্ছে। তার চোখেও ভয় ! এইটুকু বয়সে এত্তো ভয় সে কখনো পায়নি। বিছানার উপর উঠে সে সেই গলির দিকে বারবার চাইছে।
পুলিশ কাকু বললেন–“ওইদিকে দেখবে না !”
মিমি এতোক্ষণ পরে বলল–“আচ্ছা, পুলিশকাকু, ওই গলিতে কক্ষনো যাবোও না?”
পুলিশ কাকু বললেন–“না। কোনোদিন নয়।”
অবাক মিমি বলল–“তাকাবোও না?”
পুলিশকাকু বললেন–“না, ওইদিকে চোখ তুলে তাকাবেও না।”
মা বলল–“শুধু ওই গলিতেই নয়, কোত্থাও যাবে না একা একা!”
বাপ বললে–“মনে থাকবে তো?”
মিমি বলল–“থাকবে। আমি যাবো না কোত্থাও। কিন্তু পুলিশ কাকু ওই গলিতে কি বাঘ আছে?”
পুলিশ অফিসার বললেন–“না,না। বাঘ নয়!”
মিমি বললে–“তবে কি সিংহ ?”
মিমির প্রশ্ন শেষ হচ্ছে না যেন কিছুতেই। সিংহও নয় ?
সে এবার বলল–“তবে কি সেই সিনেমায় দেখা এনাকোণ্ডা সাপ ? যে মানুষকে ঘপাত করে গিলে খেয়ে নেয় ?”
ঘরে সব্বাই চুপ। সব্বার সামনে একটা চার বছরের বাচ্চা যেন বিষাক্ত সাপের ফণা তুলে দাঁড়িয়েছে ! এ তো প্রশ্ন নয়, এ তো ফণা ! এই ফণার বিষে জর্জরিত অভিভাবকেরা।
চার বছরের মেয়ের সরল প্রশ্নে এত্তো বিষ থাকতে পারে ?
সব্বাই নিজেকে বাঁচাতে চাইল। কারণ কারও কাছেই এই বিষের প্রতিষেধক নেই।
বোবা পুতুলের মতো সব্বাই কেটে পড়তে চাইছে তখন।
পুলিশ অফিসার উঠে দাঁড়ালেন। মিমির বাবা এবং মাও বাঁচল যেন। কী জবাব দেবে তারা ?
এমন সময় মিমি বলল–“ও পুলিশ কাকু, চলে যাচ্ছো কেন ? তোমরা সব্বাই যে আমাকেই ঘরে বসে থাকতে বললে, কোত্থাও না যেতে বললে। কারো সাথে না মিশতে বললে। এমনকি চোখ তুলে সব দিকে দেখতেও না করলে। আমি তো স-অ-ব কথা শুনি। শুনবোও। কিন্তু তোমার হাতে তো বন্দুক আছে। তাহলে সব এনাকোণ্ডাগুলো আগে থেকেই ধরে ধরে চিড়িয়াখানায় বন্দী করে রাখছো না কেন পুলিশ কাকু ?”
প্রশ্নটা ঘরের শান্ত বাতাসকে দুষিত করে তুলল। তারপর সাইক্লোনের মতো তীব্র হয়ে উঠল। তারপর জানলা দিয়ে, দরজা দিয়ে, ঘুলঘুলি দিয়ে সেই সাইক্লোন বেরিয়ে পড়ল সারা দেশে। ঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে সারা ভারতবর্ষের মাটি থেকে আকাশ ছেয়ে ফেলল।
তারপর প্রশ্নটা ঢুকে পড়ল দেশ আর কালের মধ্যে। ঢুকে পড়ল আদিম অন্ধকারের মধ্যে। ঢুকে পড়ল সাহিত্যে, দর্শনে, সমাজে, বিধানে আর ইতিহাসের পাতায় পাতায়।
সেখানে কী সুন্দর একটা ছবি ভেসে উঠল।
একটা চার বছরের বাচ্চা মেয়েকে কী সুন্দর করে সাজিয়ে-গুজিয়ে বসিয়ে রাখা হয়েছে। বাচ্চা বাচ্চা এঁয়োতিরা সেই মেয়েটির সিঁথির সিঁদূর নিয়ে নিজেদের কপালে মাখছে! চারিদিকে কাঁসর-ঘণ্টা বেজে উঠেছে। সতী নারীর জয়ধ্বনি উঠছে।
নব্বই বছরের বৃদ্ধ স্বামীর চিতায় সগর্বে বসে থাকা মেয়েটার শরীরেও আগুন লাগতেই উন্মাদের মতো নাচতে নাচতে ঢাক-ঢোল পিটিয়ে শোরগোল তুলে দিল শ্মশানযাত্রীরা।
সমস্যা তাতে কিছু নয়।
এগুলো তো ইতিহাস।
ইতিহাস সবসময় লেখা হয়।
কিন্তু আজ অন্য ইতিহাস ঘটল।
আজ বর্তমান অতীতে পৌঁছে গেল। আজ বর্তমানের চার বছরের মেয়েটার একটা ছোট্ট প্রশ্ন পুরো সভ্য সমাজকে টানতে টানতে ইতিহাসের সতীর সামনে দাঁড় করাল।
আর অবাক কাণ্ডটি তখনই ঘটল।
মদের নেশায় চুর হয়ে থাকা শ্মশানযাত্রীদের ঢাক-ঢোলের শব্দ নিস্তেজ হতে হতে বাতাসে মিলিয়ে গেল।
যেন তীব্র বিষ আগুনের মতো লেলিহান হয়ে শব্দকে গ্রাস করে নিল!
পরমুহূর্তেই ওই চিতায় পুড়তে থাকা ভাং খেয়ে অচৈতন্য বালিকার প্রাণান্তকর চিৎকার ছড়িয়ে পড়ল চারিদিকে।
সেই চিৎকার ক্ষমতাময়ী। সেই চিৎকার অশ্রুসজল।
বহুদূরের রাস্তায় একটা মূর্তি ছিল। পাথরের। পাথরের মূর্তিটা নড়ে উঠল।
মূর্তিটার নীচে লেখা: রাজা রামমোহন রায়।