স্পোর্টস ডেস্ক : আই এস এল ফুটবলের মর্যাদার লড়াইয়ে শনিবার জওহললাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাইয়েন এফসি ও ইস্টবেঙ্গল। এই খেলায় ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাইয়েন এফসি। চেন্নাই দল ৫-৩ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের পতাকা উড়িয়ে দিয়ে সারা মাঠে ছুটলেন ফুটবলাররা। বলতে দ্বিধা নেই লাল-হলুদ ব্রিগেডকে নিয়ে ছেলেখেলা করল চেন্নাই। খেলার শুরু থেকে আগ্রাসী ভূমিকা নিয়ে আক্রমণ শানাতে থাকে চেন্নাই দল। ইস্টবেঙ্গলের ফুটবলাররা দিশেহারা হয়ে যান। খেলার ৪ মিনিটের মাথায় ইরফানের ক্রস থেকে তালাল বলটি ব্রাইসনকে ছেড়ে দেন। ব্রাইসন গোল করতে ভুল করেননি(১-০)। চেন্নাই এগিয়ে থাকার পরেও আক্রমণে ঝড় তুলে আবার গোল পেয়ে যায়। এবারের গোলদাতা সেই ব্রাইসন। চেন্নাই ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ৪০ মিনিটে দানি রামিরেজের ক্রস থেকে আকে লোবা গোল করে ব্যবধান (২-১) কমান। খেলার ৪০ মিনিটে ব্রাইসনকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রামন আন্দ্রাদে গোল করেন (৩-১)।
দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই ইস্টবেঙ্গল আক্রমণ বাড়তে থাকে। খেলার ৪৭ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন চেন্নাইয়ের মহম্মদ সাহিফ। পেনাল্টি থেকে
দানি রামিরেজ গোল করে ব্যবধান (৩-২) কমান। ৫৯ মিনিটে চেন্নাই আবার সম্মিলিত আক্রমণ থেকে গোল পেয়ে যায়। গোল করলেন ইরফান (৪-২)। ৬৬ মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে এলোমেলো করে দিয়ে ইরফান গোলরক্ষক গিলকে পিছনে ফেলে দারুন গোল করলেন (৫-২)। খেলার ৯০ মিনিটে ইস্টবেঙ্গলের পরিবর্ত ফুটবলার ডেভিড বল পেয়ে দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে ব্যবধান কমান (৫-৩)। এই হারের পর ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিল।ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ আন্টেনিও লোপেজ হাবাস বলেন, “ফলাফলটা কঠিন। কিন্তু তার থেকেও বড় সমস্যা হল, আমরা কোনও দ্বৈরথে জিততে পারিনি, বলের দখল নিয়ে লড়াইয়েও জিততে পারিনি। এভাবে ম্যাচ জেতা অসম্ভব। আজ আমাদের দল অত্যন্ত শিথিল ছিল। প্রতিপক্ষকে আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি।ম্যাচের তিন মিনিটের মাথায় আমরা গোল হজম করেছি। তখন আমাদের কোনও মনোযোগ ছিল না, একাগ্রতা ছিল না। হয়তো আমরা ভেবেছিলাম, প্রতিপক্ষের চেয়ে আমরা ভালো দল। কিন্তু ওরা ভালো খেলেছে এবং আমাদের ভুলের শাস্তি দিয়েছে।”দলের এমন পারফরম্যান্সের দায় এড়িয়ে যাননি হাবাস। বরং স্পষ্ট করে দিয়েছেন, কোচ হিসেবে ভালো ও খারাপ—দুই সময়ের দায়িত্বই তাঁর। তিনি বলেন, “এই হারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আমাকে অবিলম্বে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠিক করতে হবে। কারণ আজকের দলটা আমার পরিচিত দল নয়। এটা আমার দল ছিল না। আজকের পারফরম্যান্স একটা দুর্ঘটনা। আশা করি, এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।”
চেন্নাইয়িনের কাউন্টার অ্যাটাক সামলাতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরেছেন হাবাস। তাঁর মতে, ফুটবলারদের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। যেখানে দলকে ২৫ মিটারের মধ্যে সংগঠিত থাকার কথা, সেখানে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব ছিল প্রায় ৭৫ মিটার।
হাবাসের ব্যাখ্যা, “দল যখন সংগঠিত থাকে না, তখন প্রত্যেক খেলোয়াড়কেই খারাপ মনে হয়। ডিফেন্ডার, গোলকিপার, মিডফিল্ডার, স্ট্রাইকার—সকলকেই খারাপ দেখায়। কারণ দলের মধ্যে কোনও সংগঠন থাকে না। আমাদের ধৈর্য ধরতে হত, কমপ্যাক্ট থাকতে হত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হত। কিন্তু আমরা সেটা করতে পারিনি।”সামনে বিরতি। সেই সময় দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে কোচের। তবে একটানা ম্যাচ এবং ভ্রমণের ধকলের কথাও উল্লেখ করেছেন তিনি। হাবাস বলেন, “আমাদের দলকে ঘুরে দাঁড়াতে হবে, নতুন করে তৈরি করতে হবে। প্রচুর ভ্রমণ ও ম্যাচের ধকল রয়েছে। তবে আমি কোনও অজুহাত দিতে চাই না। এএফসি প্রতিযোগিতায় খেলা এবং আইএসএলে খেলার চাপ এক নয়। দুটো আলাদা বিষয়।”
গত দু’টি ম্যাচে সাত গোল হজম করার পর অনোয়ার আলির অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। তবে দলের রক্ষণভাগের ব্যর্থতার জন্য একজন ফুটবলারকে দায়ী করতে রাজি নন হাবাস।