ওঙ্কার ডেস্ক: সাইবার প্রতারণার তদন্তে বর্ধমানে বড়সড় সাফল্য পুলিশের। তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। তাঁদের জেরা করে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীদের দাবি, প্রতারণার টাকা লেনদেনে ব্যবহার করা হয়েছে ২৮টি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা ঢুকেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার জনের নাম বিজয় দেবনাথ, শিবম বিশ্বাস, তরুণজিৎ দেবনাথ এবং শুভ বালা। তাঁদের বাড়ি নদিয়া জেলার নাদনঘাট থানার চম্পাহাটি ও হাটশিমলা এলাকায়। পুলিশের তরফে বর্ধমান সাইবার থানায় পাঠানো এক রিপোর্টে বলা হয় নাদনঘাট থানার সমুদ্রগড়ের নসরৎপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রেলবাজার শাখার কয়েকটি অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেন হয়েছে।পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী, ২৮টি অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা ঢুকেছে। এই অ্যাকাউন্টগুলির সঙ্গে ৬০টিরও বেশি সাইবার প্রতারণার যোগ রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। তথ্য হাতে পেয়েই তদন্ত শুরু করে বর্ধমান সাইবার থানা। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে প্রথমে ছ’জন পয়েন্ট অব সেল এজেন্টের সন্ধান পান আধিকারিকরা। এর পাশাপাশি ২৬৮টি সন্দেহজনক মোবাইল নম্বরেরও হদিস পান তাঁরা।
পুলিশের দাবি, ভুয়ো নথি ব্যবহার করে ওই এজেন্টদের মাধ্যমে সিমকার্ড সংগ্রহ করা হত। সেই নম্বর ব্যবহার করেই প্রতারণার জাল ছড়ানো হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। ভুয়ো ফোন ও এসএমএস পাঠানোর পাশাপাশি বিনিয়োগের নামে প্রতারণা এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো কৌশল ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।