ওঙ্কার ডেস্ক: পুজোর আগে অতি ভারী বর্ষণে ভেসেছে কলকাতা। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। আর তাই জমা জলে খোলা তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক নজর পুলিশের। শহরের কোথাও খোলা তার অরক্ষিত অবস্থায় পড়ে যেন না থাকে তা দেখতে প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দিল লালবাজার। পুজোর আগে বুধবার বৈঠক করে এই নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে।
পুলিশ সূত্রে খবর, নির্দেশ পাওয়ার পর প্রতিটি থানা এলাকায় খোলা তারের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে। কোনও ল্যাম্পপোস্ট যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হন, সেদিকে নজর রাখা হচ্ছে। সিইএসসি-র সঙ্গে লালবাজারের তরফে আলোচনাও করা হচ্ছে। পাশাপাশি, পুজোয় যদি বৃষ্টিতে জল জমে, তা হলে তা কী ভাবে দ্রুত সরানো হবে, তার আগাম পরিকল্পনা সেরে রাখা হচ্ছে। ওয়ার্ড স্তরে পুরসভার সঙ্গে যোগাযোগ রাখছে থানাগুলি। যান চলাচলের জন্য প্রাথমিক স্ট্র্যাটেজিও তৈরি করে রাখছে ট্রাফিক পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাতভর বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। শহরের উত্তর থেকে দক্ষিণ, সড়কপথ থেকে রেলপথ জলে ডুবে গিয়েছিল। গত ৩৯ বছর পর এমন রেকর্ড বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার সেই জমা জলে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। পুজোর সময় যাতে এমন ঘটনা না ঘটে তা রুখতে তৎপর পুলিশ।
