ওঙ্কার ডেস্ক: সোশাল মিডিয়ায় হাসিখুশি ফ্রেমের আড়ালে বিষাদগ্রাস করেছে ধীরে ধীরে! স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা নন্দী। যদিও ঠিক সময়ে চিকিৎসা হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, তবে এখনও ট্রমায় রয়েছেন সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। সেখানেই তাঁকে দেখতে গিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
দেবলীনা মদনের পূর্ব পরিচিত। বিনোদুনিয়ার বহু ব্যক্তিত্বের সঙ্গে বিধায়কের বরাবরই সুসম্পর্ক। সেখানেই দেবলীনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। এমতাবস্থায় মনের জোর বাড়ানোর পরামর্শও দেন। শুধু তাই নয়, এহেন সময়ে লাগাতার ট্রোলের মুখে পড়তে হচ্ছে দেবলীনাকে, সেপ্রসঙ্গেও কড়া বার্তা দেন বিধায়ক। মদন মিত্র জানান, তাঁকে যে চিকিৎসক দেখেন, সেই ডাক্তারের তত্ত্বাবধানেই দেবলীনার চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।
সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার আপাতত বিপন্মুক্ত হলেও তাঁর মানসিক পরিস্থিতি একেবারে ভালো নেই, বলেই আগেই জানিয়েছিলেন তাঁর পরিবার। জানা গিয়েছে, ডাক্তাররা পরিবারকে সতর্ক করেছেন যে, এই ট্রমার জন্যে দেবলীনা ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন। সেপ্রসঙ্গে মদন মিত্র জানান, “এমতাবস্থায় চিকিৎসকরা দেবলীনাকে বেশি মানসিক চাপ নিতে বারণ করেছে। যদিও গান হয়তো গাইতে পারবে কিন্তু দেবলীনার মানসিক উন্নতিটা এইমুহূর্তে সবথেকে আগে দরকার।”
