ওঙ্কার ডেস্ক: বাঙালির পুজো-পাশাপাশি বিনোদন একটি যোগ সূত্র রয়েছে। পুজো মানেই পুজোর মণ্ডপ থেকে ভেসে আসা গান বা পুজোর অ্যালবাম এই দুই’ই ছিল বিনোদন। তার ব্যপ্তি দিনে দিনে একটু একটু করে বেড়েছে। এখন পুজোর গান বা অন্যান্য অনেক কিছুর সঙ্গেই যোগ হয়েছে পুজোর ছবি। এবার পুজোতেও তার ব্যতিক্রম নেই। বড়পর্দায় মুক্তি পাবে এই পুজোতেও একগুচ্ছ বাংলা ছবি। তবে বড়পর্দায় ছবি মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজও। হইচই নিয়ে আসছে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ।
হইচইয়ের ‘উৎসবের নতুন গল্প’ এই উৎসবের মরশুমে দর্শকদের সামনে আনতে চলেছে এক গুচ্ছ থ্রিলার ঘরানার সিরিজ। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে বিপুল জনপ্রিয়তার পর এবার থ্রিলার ঘরানার সিরিজ ‘অনুসন্ধান’র হাত ধরে ওটিটিতে ফিরছেন এই পুজোয় শুভশ্রী। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও দীর্ঘ বিরতির পর পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘কালরাত্রি’ সিজন ২ নিয়ে পর্দায় ফিরছেন নায়িকা। অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় রহস্য-রোমাঞ্চে ভরপুর গা ছমছমে ভয়ের কাহিনী নিয়ে ‘নিশির ডাক’ সিরিজে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তের এক অন্য সমীকরণ। অন্যদিকে এই অক্টোবরেই ‘ইন্দু’র সিজন ৩ বা চূড়ান্ত পর্ব আসবে হইচইয়ের পর্দায়।
এছাড়াও প্রতীম ডি গুপ্তের পরিচালনায় নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিরিজ ‘কার্মা কোর্মা’ আসবে। নতুন স্বাদের এই সিরিজে দর্শক পাবেন টলিপাড়ার দুই নায়িকা সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীকে। আর এইসবের সঙ্গে দর্শকের কাছে আসবে বাঙালির সর্বকালের প্রিয় ‘ফেলুদা’ও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বাঙালির কাছে এ যেন এক অন্য আমেজ। এখন দেখার পুজোর আবহাওয়ায় কোন নতুন সিরিজকে সবথেকে বেশি গ্রহণ করেন দর্শক।
