ওঙ্কার ডেস্ক: আবারও ছক ভাঙছেন টলি অভিনেতা জিৎ। বর্তমানে ‘সুপার হিরো’র তকমা সরিয়ে তিনি বিপ্লবী ‘অনন্ত সিংহ’। পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে আরও অনেক চমক আছে। তবে সাম্প্রতিক চমক, তিনি নাকি প্রযোজকের ঘরে ‘ডাকাতি’ করেছেন!
৫ সেপ্টেম্বর থেকে ছবির প্রথম শুটিং শুরুর কথা ছিল তাঁর। অতিরিক্ত বাজেট নাকি ছবির শুটিং পিছোতে বাধ্য করেছে! সম্প্রতি, টলিউডে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছেন পরিচালক? এ প্রসঙ্গে পথিকৃৎ অবশ্য নস্যাৎ করে দিয়েছেন এই গুঞ্জন। তাঁর সপাট দাবি, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনও ছবি পিছোয়নি।” তিনি জানিয়েছেন, রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে। সব ঠিক থাকলে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর শুটিং শুরু হবে ২৫ অক্টোবর থেকে।
এই ছবিতে জিতের সঙ্গে প্রথম অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এই চরিত্রটিতে আগে নাকি অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের! টলিপাড়ার অন্দরের কানাঘুষো চলছে, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক রাশভারী পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে। এ ছাড়া, জিতের ছবির গানে প্রথম সুর দেবেন শান্তনু মৈত্র। তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়। এখন দেখার বর্তমান বাংলা ছবির জগতে এই ছবি কতটা নিজের জায়গা তৈরি করে নিতে পারে।
