ওঙ্কার ডেস্ক: শেষ থেকেই হয় শুরু। ‘অনুরাগের ছোঁয়া’ শেষের পরই নতুন শুরুর খবর দিলেন অভিনেতা রাহুল মজুমদার। শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে চলেছে অভিনেতাকে। এবার তিনি জুটি বাঁধছেন তাঁর বর্তমানে স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে। অর্থাৎ একসঙ্গে বিগ স্ক্রিনে আসতে চলেছে স্বামী-স্ত্রী।
প্রসঙ্গত, ‘রং রুট’ ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল এই জুটিকে। ওই ছবিতেই রাহুল ও প্রীতির প্রথম দেখা হয়, এরপর প্রেম তারপর গাঁটছড়া বাঁধেন তাঁরা। এখন তাঁদের জীবনে এসেছে ছোট্ট আইরা। শোনা যাচ্ছে, শীতকালেই মুক্তি পাবে এই ছবি। ঠিক এমনই এক পারিবারিক গল্প এবার বড় পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। নাম ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’। নাম শুনেই সকলে আন্দাজ করতে পারছেন সম্পূর্ণ পারিবারিক একটি ছবি, সঙ্গে রয়েছে খানিকটা কমেডিও।
রাহুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রীতি ও রাহুল ছাড়াও অভিনয় করছেন অংশুমান প্রত্যুষ, অর্পিতা সরকার, শতদীপ সাহা, সুমন মন্ডল ও শর্বরী বসু। ভালবাসায় মোড়া এক পরিবার, সেখানেই রয়েছে আলো ও অন্ধকার। তবে ভালবাসা একটা সংসারকে কীভাবে বেঁধে রাখতে পারে, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে, সেটাই দেখাতে চলেছে এই ছবি।
যদিও এই ছবিতে রাহুল ও প্রীতিকে ঠিক কেমন ধরনের চরিত্রে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। বহুদিন বাদে এই ছবির হাত ধরে পর্দায় ফিরছেন প্রীতি। মা হওয়ার পর অভিনয় জগৎ থেকে বেশ কিছুদিন বিরত ছিলেন তিনি। এবার সুখবর। পাশাপাশি, কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। তবে এই শেষের খবরের পরই অনুরাগীদের মন ভাল করে দিলেন অভিনেতা। আর প্রীতির উপস্থিতি যেন এই সুখবরকে আরও দ্বিগুণ করে দিয়েছে। বাস্তবে দর্শকের ভাসবাসার জুটি রাহুল-প্রীতি। তাঁদের বাস্তবের হ্যাপি ফ্যামিলির মতো বড় পর্দার ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’র অপেক্ষায় দর্শকমহল।
