ওঙ্কার ডেস্ক: দিন দুয়েক আগের ঘটনা। আচমকাই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক মডেলের ব্যক্তিগত কথোপকথন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত হয়। সেই মডেলের দাবি, অভিনেতা তাঁকে মেসেজ করে উত্ত্যক্ত করেছেন। তারপর একে একে অনেক মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন। পরিস্থিতি জটিল হতেই কি জানালেন অভিনেতা?
প্রসঙ্গত, সাত মাস হয়ে গেল কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। মায়ের অসুস্থতার জন্য অনেক দিন ক্যামেরা থেকেই দূরে তিনি। তার মধ্যেই যে এই কাণ্ড হয়ে যাবে ভাবেননি। ঋজুর কথায়, “মেসেজ করে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্য জনকে মেসেজ করতে পারে না?” এই বিতর্কের পর অভিনেতার দাবি, তাঁর বন্ধুদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাকড হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে। ঋজু আরও বলেন, “মিথ্যা কথা একেবারেই পছন্দ করি না। বলিও না। এ ক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।”
এই ঘটনার পরে আইনি পদক্ষেপ করেছেন ঋজু। তিনি জানিয়েছেন, মানহানির মামলা করেছেন সেই মডেলের বিরুদ্ধে। অভিনেতার দাবি, এই মুহূর্তে খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মায়ের ক্যানসারের চিকিৎসা চলছে। চিকিৎসার খরচ জোগানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই শীঘ্রই তিনি কাজে ফিরতে চান।
