ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক অন্য দৃশ্য। ভারতীয় বিনোদুনিয়ার এক বিশেষ উদযাপনের দিন। আর সেই বিশেষ উদযাপনের মঞ্চে আরও একবার ইতিহাস তৈরি করল বাংলা ছবি। এদিন ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। এদিন দিল্লির বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে এই সম্মান তুলে দেন। এদিন এই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম।
‘ডিপ ফ্রিজ’ ছবির গল্প মূলত এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি করা হয়েছে। যিনি এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। এবার চতুর্থ সিনেমার মাধ্যমেই জাতীয় পুরস্কার বর্তমানে অর্জুনের হাতে। এই খুশির খবর নিয়ে ‘ডিপ ফ্রিজ’-এর দুই অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
এর আগে ছবির এই বিশেষ সম্মানপ্রাপ্তি নিয়ে ‘ডিপ ফ্রিজ’ নিয়ে পরিচালক জানিয়েছিলেন, ‘এই ছবির শুটিং শুরুর সময়, মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারি। এমএনডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে মা চলে গেল। ‘ডিপ ফ্রিজ’-এর শুটিং এর সময় থেকেই এই গোটা বিষয়টি চলতে থাকে, অবশেষে মা চলে যান। পরিচালক আরও যোগ করেন, আজ মনে হচ্ছে, আমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা, এই পুরস্কার আমার নয়।”
