ওঙ্কার ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই বলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, অভিনেত্রী মৌনী রায়ের নাকি বিয়ে ভাঙতে চলেছে। অভিনেত্রীর চার বছরের বিবাহিত জীবন নাকি এবার শেষের পথে। তিনি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতা থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন। স্বামী সূরজ নাম্বিয়ারও নিজেকে সমাজমাধ্যম থেকে সরিয়ে নেন। গত ৪৮ ঘণ্টা ধরে মৌনীর বিবাহিত জীবন নিয়ে যে আলোচনা চলছে সমাজমাধ্যমে, তা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী।
দিন কয়েক আগে থেকেই নেটমহলের নজরে এসেছে মৌনী তাঁর স্বামীকে আর সমাজমাধ্যমে ‘অনুসরণ’ করছেন না, কিন্তু তেমনই দেখা গিয়েছে মৌনীর প্রিয় বান্ধবীও দিশা পটানীও নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন সূরজকে। সূরজের সমাজমাধ্যমের পাতা উয়াধাও হওয়ার পরই জল্পনা আরও জোরদার হয়। অনেকেই বলেন, মৌনীর স্বামী নাকি পরকীয়ায় জড়িয়েছেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীর টাকা নয়-ছয়ের অভিযোগও এসেছে তাঁর বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে মৌনী বলেছেন, ‘‘আমি সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি। আমি অনুরোধ করছি মিথ্যা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।’’
উল্লেখ্য, ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি, দুই রীতি মেনেই বিয়ে করেন মৌনী ও সূরজ। বাইরে থেকে তাঁদের দেখে সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ কেন এই ছন্দপতন। আসলেই কি তেমন কিছু হতে চলেছে? সত্যিই কি বিচ্ছেদের পথ বেছেছেন অভিনেত্রী? তাঁর উত্তর মিলবে আগামী দিনে।