অর্পিতা মুখার্জী, কলকাতা: রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে জঙ্গি কার্যকলাপ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
জানা গিয়েছে, অনুপগড়-সুরতগড় ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। ফলে কোনও নাশকতার ছক থাকলেও তা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর পেয়েই নিরাপত্তা সংস্থা ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বিস্ফোরণের কারণ এবং এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত পরীক্ষার পরই বিস্তারিত তথ্য জানানো হবে।
শ্রীগঙ্গানগরের এসপি হরিশংকর বলেন, তিনি নিজে দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলের আধিকারিকরাও সেখানে রয়েছেন। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। দলগুলি পৌঁছানোর পরই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। তিনি আরও জানান, এর আগে বাজেয়াপ্ত হওয়া আরডিএক্স-এর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।
ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।