ওঙ্কার ডেস্ক: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকের আবহে ছয় বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হতে চলেছে গুয়াংজু-নয়াদিল্লি রুটের বিমান পরিষেবা। ‘চায়না সাউদার্ন এয়ারলাইন্স’ শনিবার এই ঘোষণা করেছে।
এয়ারলাইন্সটির তরফে জানানো হয়েছে,২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু-নয়াদিল্লি রুটে নিয়মিত যাত্রী পরিষেবা আবার শুরু হবে। এই পরিষেবা পুনরায় চালুর ফলে দক্ষিণ এশিয়ায় তাদের আটটি ‘রাউন্ড-ট্রিপ’ (যাতায়াত) রুটে প্রতি সপ্তাহে ১০০টিরও বেশি ফ্লাইট চালু হবে।কোভিড-১৯ মহামারী এবং ডোকলাম ও গালওয়ান সংঘাতের পরবর্তীতে টানাপোড়েনের কারণে বিমান পরিষেবা স্থগিত হয়ে যায়। এর পর ধাপে ধাপে পুনরায় তা চালু হয়।
উল্লেখ্য এর আগে চলতি বছরের শুরুর দিকে, প্রায় ছয় বছর বন্ধ থাকার পর এয়ার ইন্ডিয়া নয়াদিল্লি-চিন রুটে বিমান পরিষেবা পুনরায় চালু করে। এপ্রিলে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আরও জোরদার হয়। সে সময় এয়ার চায়না তাদের বেইজিং-দিল্লি পরিষেবা পুনরায় চালু করে। এর আগে ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’ ১৮ এপ্রিল কুনমিং ও কলকাতার মধ্যে সরাসরি পরিষেবা পুনরায় চালু করেছিল। তারও আগে ৩০ মার্চ, ইন্ডিগো কলকাতা ও সাংহাইয়ের মধ্যে তাদের প্রথম দৈনিক ও নন-স্টপ পরিষেবা চালু করে। এটি ভারত ও চিন-এর মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।