স্পোর্টস রিপোর্টার : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন আসন্ন।৩ অক্টোবর অর্থাৎ ব্রাজিল আর ভারত ম্যাচের পরেরদিনই কলকাতায় ফেডারেশন কর্তারা নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন।কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৯ সেপ্টেম্বর যে জাতীয় ক্রীড়া নির্বাচন প্যানেলের ঘোষণা করেছে, সেখান থেকেই একজনকে নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নেওয়া হবে। ফেডারেশনের কার্যকরী কমিটির সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ করা হবে।
এ ছাড়াও, ফেডারেশনের সাধারণ পরিষদে অসাধারণ কৃতিত্বসম্পন্ন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করার বিষয়েও ভোটাভুটি হবেবিশেষ সাধারণ সভার আলোচ্যসূচিতে কার্যকরী কমিটির নির্বাচন আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাবও রাখা হয়েছে। সেই প্রস্তাব অনুমোদিত হলে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার পথ আরও পরিষ্কার হবে। ফেডারেশনের সংবিধানের ২২.৩ ধারার ভিত্তিতে এই নোটিস জারি করা হয়েছে। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং কার্যকরী কমিটির পক্ষ থেকেই সদস্যদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

সভায় আগের সাধারণ সভাগুলির কার্যবিবরণী অনুমোদন ও গ্রহণের বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি বর্তমান সভার খসড়া কার্যবিবরণী যাচাই করার জন্য তিন জন সদস্যকে নিয়োগ করার বিষয়টিও বিবেচনা করা হবে। তবে কার্যকরী কমিটির বর্তমান সদস্যরা এই সভায় ভোট দিতে পারবেন না। এমন কী তাঁরা নিজেদের রাজ্য সংস্থা বা সদস্য সংস্থার প্রতিনিধিত্বও করতে পারবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।