মাহাবুব মোল্লা
কলকাতায় তৈরি হয়েছিল ভারতীয় নৌ বাহিনীর দুই যুদ্ধ জাহাজ ‘আইএনএস খঞ্জর’ এবং ‘আইএনএস কোরা’। সাধারণ মানুষ যাতে দর্শন করার সুযোগ পান, সে কারণে খিদিরপুর ডকে বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হল এই দুই যুদ্ধজাহাজ। আগামী ৪ ডিসেম্বর নেভি ডে, তার আগে নৌবাহিনী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই যুদ্ধজাহাজ দর্শনের সুযোগ পাবেন মানুষ।

আইএনএস খঞ্জর তৈরি করেছিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। স্বদেশী প্রযুক্তিতে এই যুদ্ধজাহাজটি ১৯৯১ সালে ২২ অক্টোবর তৈরি করা হয়েছিল। এটি ‘গ্রে ফেরারি’ নামেও পরিচিত। এর স্লোগান হল ‘সেরার থেকেও ভালো’। যুদ্ধজাহাজটি ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন এবং নাগা রেজিমেন্টের অধীনে রয়েছে। এর বর্তমান কমান্ডার রনি চৌপু। আইএনএস খঞ্জরের কমান্ডিং অফিসার বলেন, ‘এই জাহাজটি ৩৪ বছর বয়সী এবং গত ৩৪ বছর ধরে, আইএনএস খঞ্জর সমগ্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কভার করেছে।’ চৌপু আরও বলেন, খঞ্জর একটি গাইডেড-মিসাইল কর্ভেট যা আধুনিক সেন্সর দিয়ে সজ্জিত। এটি জলদস্যু বিরোধী অভিযান, মানবিক সহায়তা বা দুর্যোগে ত্রাণকাজের জন্য এটি প্রস্তুত।

পাশাপাশি আইএনএস কোরাও গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। ১৯৯৮ সালের ১০ আগস্ট এটি পথচলা শুরু করেছিল। জাহাজটির নামকরণের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ‘কোরা’ শব্দটি। যা নেপালের জাতীয় তরবারি। জাহাজটির বর্তমান কমান্ডার চন্দন ঝা। তিনিই এটি পরিচালনা করেন। সাধারণ মানুষের জন্য এই দুই যুদ্ধজাহাজ খুলে দেওয়ার পর ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। যুদ্ধজাহাজ ঘিরে তরুণ প্রজন্মের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
