ওঙ্কার ডেস্ক: মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ১৬ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও বিদ্যাসাগর সেতু বন্ধ করা হয়েছে। গত আগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহের শেষে এই সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সূত্রের খবর, সোম থেকে শুক্রবার পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে প্রতি দিন লক্ষাধিক যান চলাচল করে। অপেক্ষাকৃত ভাবে সপ্তাহের শেষ দিনে গাড়ি চলাচল কম থাকে। সে কারণে সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহের শেষ দিনকে বাছাই করা হয়েছে। বিদ্যাসাগর সেতুতে ব্যবহার করা হয়েছে ১৫২টি কেবল। এই কেবলগুলি সেতুকে ধরে রেখেছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১৯টি কেবল পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেবল পাল্টাতে প্রায় ৩০ দিন করে সময় লাগে। পরিকল্পনা রয়েছে, ২০২৬ সালের মে মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে যদি এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করা যায় সেক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে। প্রথম পর্যায়ে কেবল বদলানোর জন্য খরচ হবে ২৫০ কোটি টাকা।
তবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে কোন পথে গাড়ি চলবে সে বিষয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পুলিশের তরফে। লালবাজার সূত্রের খবর, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। পাশাপাশি, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে যে সমস্ত গাড়িগুলি আসবে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোড থেকে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে।
