ওঙ্কার ডেস্ক: কলকাতা পুলিশের ডিএসপি পদমর্যাদার দুই আধিকারিককে সাময়িক বরখাস্ত নিয়ে এখনবিতর্ক তুঙ্গে। অভিযোগ, ২০২৫ সালে একটি পুলিশি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্তমান মুখ্যমন্ত্রী বলা বাহুল্য তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তাঁদের একজন। অন্য আধিকারিক সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। পুরনো সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সম্প্রতি প্রশাসনের উচ্চপর্যায়ে পৌঁছানোর পর বিষয়টি নতুন করে সামনে আসে। গত বছরের সেই মন্তব্য ঘিরে দুই পুলিশকর্তার সাসপেন্সশন নিয়ে এখন চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বরখাস্ত হওয়া দুই আধিকারিক কলকাতা পুলিশের বন্দর এবং উত্তর বিভাগে কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়ে তাঁরা ডিএসপি পদে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের সূত্রপাত ২০২৫ সালে, যখন রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। সেই সময় বিজেপির একটি মিছিল এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে পুলিশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত মন্তব্য করা হয় বলে দাবি করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ওই চ্যাটের স্ক্রিনশট নবান্নে পৌঁছয়। এরপর বিষয়টি লালবাজারের শীর্ষ কর্তাদের নজরে আনা হলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হয়। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। চলতি সপ্তাহেই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ প্রশাসনের একাংশের মতে, সরকারি দায়িত্বে থাকা কোনও আধিকারিকের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে প্রকাশ্যে বা সরকারি যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তোলে। সেই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।