ওঙ্কার ডেস্কঃ মহুয়া মৈত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর দায়ের করা মামলার শুনানিতে আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালতের নির্দেশে আপাতত আইনি রক্ষাকবচ পেলেন মহুয়া।
দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকে ঘিরেই এই মামলার সূত্রপাত। অভিযোগ, দলীয় অফিসের সামনে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ দেখায়। সেই ঘটনার ভিডিও নিজেই সোশাল মিডিয়ায় দিয়েছিলেন সাংসদ। তবে মহুয়ার অভিযোগ ছিল, তাঁর উপর হামলা ও বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া অভিযোগকে যথাযথ গুরুত্ব না দিয়ে উল্টে তাঁর বিরুদ্ধেই দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে সক্রিয় হয়েছে পুলিশ। সেকারনে সম্ভাব্য পুলিশি পদক্ষেপ ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
সেই আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অন্তর্বর্তী নির্দেশ দিয়ে স্পষ্ট করেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুলিশের তরফে মহুয়ার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না।