নিজস্ব সংবাদদাতা,
কৃষ্ণনগর: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কৃষনগর ১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো পুলিশ । পুলিশ সূত্রে খবর, গাড়ির নিচে লুকিয়ে রাখা ছিল প্রায় ৫৯ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার হয়েছে তিন যুবক।
ধুবুলিয়া থানার এক আধিকারিক জানান, “গোপন সূত্রে খবর পেয়েই আমরা রাতেই অভিযান শুরু করি। সন্দেহভাজন একটি চারচাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির তলার একটি গোপন চেম্বার থেকে গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলেই অনুমান পুলিশের।
গ্রেফতার হওয়া তিন যুবকের নাম নূরনবী সরকার, প্রশান্ত সরকার ও সাইদুর রহমান। তিনজনকেই মঙ্গলবার আদালতে পেশ করা হয়। পাশাপাশি, পাচারে ব্যবহৃত গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের জেরা করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, এর আগেও একই রুট ধরে মাদক পাচার হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ধুবুলিয়া থানার পুলিশ।
