ওঙ্কার ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরুর পর মধুচন্দ্রিমায় গিয়ে অস্বভাবিক ভাবে মৃত্যু হল নববধূর। উত্তরাখণ্ডের মুসৌরিতে একটি হোম স্টে থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। প্রস্রাব ও রক্তমাখা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মহিলার স্বামী। মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত তরুণীর নাম পি রাধা গায়ত্রী; গুরুগ্রামের একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। দিল্লির কিদওয়াই নগর ইস্ট এলাকার বাসিন্দা ছিলেন গায়ত্রী।
রিপোর্ট অনুসারে, মহিলার স্বামীর নাম সৌম্য শ্রীচরণ। তাঁর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন গায়ত্রী। পুনের বাসিন্দা শ্রীচরণও আইটি সেক্টরে কাজ করেন। পুলিশ জানিয়েছে, আগের দিন দিল্লি থেকে ঋষিকেশ হয়ে ১৪ জুন গভীর রাতে ওই দম্পতি টিপরিধার এলাকার ‘কিয়ানা হোমস্টে’তে ওঠেন। স্বামীর দাবি, রাতে তাঁরা মদ্যপান করেছিলেন। ভোর সাড়ে ৩টে নাগাদ ঘুমোতে যান। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাঁর স্ত্রী বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে আছেন; কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তাঁর নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। তিনি জানান, মেঝেতে প্রস্রাবও জমে ছিল। সোমবার সকালে মুসৌরি পুলিশ ওই হোমস্টে থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে।
তদন্তে জানা গিয়েছে, দম্পতিটির বিয়ে হয়েছিল ২০২৫ সালের ৮ নভেম্বর। গায়ত্রী ও শ্রীচরণ—দুজনেরই আদি বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ময়নাতদন্তের জন্য দেহটি দেরাদুনের করোনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়াটি ভিডওগ্রাফি করার ব্যবস্থা করতে বলা হয়েছে পুলিশের তরফে। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।