ওঙ্কার ডেস্কঃ বিমান যাত্রায় বড় স্বস্তি। ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করেছে, এপ্রিল মাস থেকে সমস্ত বিমানে অন্তত ৬০ শতাংশ আসন বাছাইয়ের জন্য অতিরিক্ত খরচ করতে হবে না। ডিজিসিএ-র এয়ার ট্রান্সপোর্ট সার্কুলার অনুযায়ী এই নিয়ম কার্যকর হবে ৩০ দিনের মধ্যে। ডিজিসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান সংস্থাগুলোকে এই নির্দেশ কার্যকর করতে প্রস্তুতি নিতে হবে।
আগে বিমানের যাত্রীরা মাত্র ২০ শতাংশ সিট বিনামূল্যে পেতেন। কিন্তু বাকি ৮০ শতাংশ সিট সিলেকশনের জন্য বিমান সংস্থাকে অতিরিক্ত টাকা দিতে হত। টাকা কতটা হবে তা নির্ধারণ করা হয় সিটের অবস্থান বা অতিরিক্ত লেগরুম অনুযায়ী নির্ভর করত। নতুন নিয়মে বিমান সংস্থাগুলোকে সিট বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ করতে এবং যাত্রীদের জন্য সহজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিজিসিএর মতে, একই PNR-এর যাত্রীদের সম্ভব হলে কাছাকাছি বা একসাথে বসানো হবে, সাধারণত একই সারিতে। এছাড়া, যে কোনও অতিরিক্ত পরিষেবা যেমন স্পোর্টস ইকুইপমেন্ট বা বাদ্যযন্ত্র বোঝাই সংক্রান্ত খরচ ও শর্তসমূহও স্পষ্টভাবে বোঝাতে হবে।
নতুন নিয়মটি ঘোষণা হওয়ার পরই তিনটি প্রধান বিমান সংস্থা- ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, বিনামূল্যে ৬০ শতাংশ সিট দেওয়ার নির্দেশ মানলে তাদের আয় কমে যাবে এবং আয় পুনরুদ্ধারের জন্য বিমান ভাড়া বাড়াতে হবে। ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধও করেছে।