ওঙ্কার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দিল্লির দুই বাসিন্দা। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে বেমিনার দুর্বাল এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় প্রায় ৮০টি অস্থায়ী বস্তি। সেখান থেকেই উদ্ধার হয়েছে দু’জনের দেহ। মৃতরা এলাকায় ভাঙা সামগ্রী সংগ্রহের কাজ করতেন।
পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ নুর আলম (২৭) এবং আল আমিন (১৬)। নুর আলমের বাবার নাম আবদুল ওয়াহাব। আল আমিনের বাবা মহম্মদ রফি। দু’জনেরই বাড়ি দিল্লিতে। কাজের সূত্রে তাঁরা শ্রীনগরের ওই এলাকায় থাকতেন।আধিকারিকদের বক্তব্য, রাত ১২টা ২৩ মিনিট নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অস্থায়ী ঘরগুলিতে। অধিকাংশ আশ্রয়স্থল তৈরি হয়েছিল ত্রিপল ও কাঠ দিয়ে। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। অগ্নিকাণ্ডে একটি ফাঁকা পোলট্রি ফার্ম এবং একটি টিপার ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। জেভিসি ও রাওয়ালপোরা দমকল কেন্দ্রের কর্মীদের পাশাপাশি বাতামালুর দমকল বিভাগের সদর দফতর থেকেও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। আগুন নেভানোর কাজে হাত লাগান পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারাও। এক আধিকারিক জানিয়েছেন, দমকল বিভাগের কাছে খবর পৌঁছনোর আগেই আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় দুই যুবকের দেহ। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।