অর্পিতা মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো, লক্ষ্মীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে কালীপুজোয় অবশেষে হাসল আকাশ। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে রোদ ঝলমলে আবহাওয়া। ভোরের হালকা ঠান্ডা আর রাতের শিরশিরে আমেজে পুজোর আনন্দ যেন দ্বিগুণ। কিন্তু এই স্বস্তি বেশিদিনের নয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকেই ফের বদলে যাবে আবহাওয়া। ভাইফোঁটার দিনগুলিতে রাজ্যজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নেমে ১৭ থেকে ১৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল। আজ, দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ – কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে কালীপুজোর গোটা দিন শুকনো ও ফুরফুরে কাটবে বলেই ধারণা।
এই অবস্থায় প্রশ্ন উঠছে তবে কী শীতের প্রথম পর্বের শুরু হয়ে গেল? আবহাওয়াবিদরা বলছেন, এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। তার পরের তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তারপর আবার তাপমাত্রা স্থিতিশীল থাকবে। অর্থাৎ, কালীপুজোর ঠান্ডা ভাবটা সোমবার থেকে একটু কমে যাবে।
সোমবার, প্রতিপদ থেকেই আকাশের মুখ ভার থাকবে। ওই দিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উপকূল এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার ও বুধবার, দ্বিতীয়ার দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবছর ভাইফোঁটা পড়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে। ফলে ফোঁটা দিতে যাওয়ার সময় সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও মঙ্গল ও বুধবার সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আশার কথা, বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদলাবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। ফের ফিরবে শুষ্ক আবহাওয়া।