অর্পিতা মুখার্জী, কলকাতা: স্কুলপড়ুয়াদের পুষ্টি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। শনিবার এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যের সব স্কুলকে এনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতদিন শুধু কলকাতার হাতেগোনা কয়েকটি সরকারি স্কুলে এই ফাউন্ডেশনের তরফে খাবার দেওয়া হতো। গত অগস্ট মাসে কলকাতার স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা শুরু হয়। সেসময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, শুরুটা কলকাতা দিয়ে হলেও ধীরে ধীরে গোটা রাজ্যে এই মডেল চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই এবার কালীপুজোর আগে নতুন বিজ্ঞপ্তি এল। মাঝে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের স্কুলে এই ব্যবস্থা চালুর বিজ্ঞপ্তি বেরিয়েও পরে তা তুলে নেওয়া হয়েছিল। এবার একেবারে রাজ্যজুড়ে অনুমোদন দেওয়া হল।
জানা যাচ্ছে, একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা শুরু হবে না। ধাপে ধাপে জেলায় জেলায় চালু করা হবে। এর জন্য দরকার হবে কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন। কোথায় সেই রান্নাঘর হবে, তার জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হবে। এই কাজে অন্নমিত্র ফাউন্ডেশনকে সাহায্য করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
অন্যদিকে মিড ডে মিলে ডিম দেওয়ার বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ডিম কি ফাউন্ডেশনই সরবরাহ করবে, নাকি তার দায়িত্ব থাকবে স্কুল কর্তৃপক্ষের উপর – বিজ্ঞপ্তিতে তা পরিষ্কার করা হয়নি। সরকারের দাবি, কেন্দ্রীয় রান্নাঘর থেকে রান্না করা খাবার এলে খাবারের মান ও স্বাস্থ্যবিধি আরও ভালোভাবে বজায় রাখা যাবে। পড়ুয়াদের পুষ্টির দিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।