অর্পিতা মুখার্জী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চুক্তির ভিত্তিতে বিভিন্ন সরকারি দফতরে নেওয়া কয়েক লক্ষ কর্মীর নিয়োগ এবার খতিয়ে দেখছে শুভেন্দু অধিকারীর সরকার। গত ১৫ বছরে কারা, কীভাবে চাকরি পেয়েছেন, তা যাচাই করতে নথিপত্র চাওয়া শুরু হয়েছে।
রাজ্যে এখন চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় ৫ লক্ষ। এই কর্মীদের বড় অংশই সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং গ্রাম পুলিশ। ২০১৩ সালে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দিয়েছিল তৎকালীন সরকার। তাদের কাজ কী হবে, তা নিয়ে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট – মামলা হয়েছে একাধিকবার। এত কর্মী দিয়ে প্রশাসন চালানোর আদৌ দরকার আছে কি না, তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বিজেপির অভিযোগ, চুক্তিভিত্তিক নিয়োগেও তৃণমূল আমলে অনিয়ম হয়েছে। দলের লোকেদের চাকরি পাইয়ে দিতেই বছরের পর বছর এভাবে নিয়োগ করা হয়েছে। এলাকায় রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখতে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হতো বলেও অভিযোগ। অনেক সময় তাঁদের দাপট পুলিশকেও ছাপিয়ে যেত। আরজি কর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রাই নিজেও একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। এই প্রেক্ষাপটে যাচাইয়ের প্রয়োজন আছে বলে মনে করছে বর্তমান সরকার।
এখানেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের আশঙ্কা, যাচাইয়ের নামে তৃণমূলের লোক সরিয়ে বিজেপির লোক বসানো হবে। প্রশাসনকে ‘গেরুয়া’ করে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছে তারা। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর বক্তব্য, ক্লাব, পুজো প্যান্ডেল, পার্টি অফিসের পর এবার সরকারি দফতরে হাত পড়ছে। তাঁর কটাক্ষ, “আগে প্রশাসন চলত তৃণমূলের পার্টি অফিস থেকে, এখন চলবে বিজেপির দফতর থেকে। রাজনীতির ধরনটা বদলাল না।”
এই অভিযোগ অবশ্য এড়িয়ে গিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী অরূপকুমার দাস। তাঁর দাবি, যোগ্যতা ছাড়া বাজার করে দেওয়ার বিনিময়ে বা নিলামের মতো করে চাকরি বিক্রি হয়েছে কি না, সরকারের তা জানা দরকার। অনিয়ম ধরা পড়লে পরে কী পদক্ষেপ হবে, তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল সমর্থিত চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠনের প্রাক্তন উপদেষ্টা মনোজ চক্রবর্তীর দাবি, ভেরিফিকেশন হয় চাকরিতে ঢোকার আগে। তখন নিয়ম না মানা হয়ে থাকলে তার দায় আধিকারিক-মন্ত্রীদের। সাধারণ কর্মীদের কেন হেনস্থা হতে হবে? বেআইনি নিয়োগ হয়ে থাকলে নিয়োগকারীদের শাস্তি হোক, কর্মীদের নয়।
মমতাপন্থী তৃণমূল নেতা মহম্মদ আলির আশঙ্কা, বারবার তদন্ত আর পুনর্নিয়োগের নামে কর্মীদের কাজের মানসিকতা নষ্ট হচ্ছে। সব সরকার যদি ২০-৩০ বছর আগের ফাইল খুলে বসে থাকে, তাহলে কেউ মন দিয়ে কাজ করতে পারবে না। এতে প্রশাসনই পঙ্গু হয়ে যাবে। তবে সব কর্মীই এই যাচাইয়ে আপত্তি জানাচ্ছেন না। চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষক শেখ নজরুল জানিয়েছেন, নথিপত্র দিতে তাঁদের কোনও আপত্তি নেই। আগেও বেশ কয়েকবার এভাবে তথ্য নেওয়া হয়েছে।
এ রাজ্যে শাসক দলের লোকেদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। বাম আমলে সিপিএমের পূর্ণ সময়ের কর্মীদের আত্মীয়দের স্কুলে শিক্ষকতার চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সিপিএম অবশ্য বরাবরই বলেছে, সবাই যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন।তৃণমূল আমলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এক মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। তিনি বলেছিলেন, ‘চাকরি তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে।’ পরে তিনি ব্যাখ্যা দেন, মন্ত্রীর কোটার কথা বলেছিলেন। বাম আমলে মন্ত্রী পিছু দু’জন সহকারী নেওয়া যেত। তৃণমূল আমলে তা বেড়ে তিন হয়।
অনেকের ধারণা, দলের ছেলেদের চাকরি পাইয়ে দেওয়ার বাসনা থেকেই শিক্ষক নিয়োগে দুর্নীতির শুরু। পরে তার সঙ্গে ঘুষের অঙ্ক জড়িয়ে যায়। সেই দুর্নীতির জেরে প্রায় ২৫ হাজার ৭৫২ জন চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যে ২২ হাজার ২৪০ জন শিক্ষক, ৩ হাজার ৫১২ জন অশিক্ষক কর্মী। শিক্ষকদের মধ্যে ১ হাজার ৮১৪ জনকে ‘দাগি’ বলে চিহ্নিত করা হয়েছিল।
এবার চুক্তিভিত্তিক নিয়োগের যাচাইয়ে কী বেরোয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। যাচাইয়ের পর অবৈধ নিয়োগ ধরা পড়লে সেই শূন্যস্থানে কারা আসবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।