ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের তরফের জানানো হয়েছে, দক্ষিণ আন্দামানসাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নভেম্বরের শেষের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৩ থেকে ৪ দিনে রাজ্যে কুয়াশার দাপট বাড়বে।
উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর ও সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় কুয়াশা বেশি থাকবে। কলকাতায় রবিবার সকাল থেকে কুয়াশা এবং ধোঁয়াশার প্রভাব থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। তবে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তরের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
