ওঙ্কার বাংলা: সেল! সেল! সেল!
চৈত্রের সেল চলে গেলেও কি হবে! বৈশাখেও চলছে ধামাকাদার সেল। কি মনে হচ্ছে এখানে কোনো বিজ্ঞাপন চলছে? আজ্ঞে না মশাই। এখানে গরমের তাপমাত্রা আর তার সঙ্গে ফ্রি-তে পাওয়া আর্দ্রতা জনিত অস্বস্তির কথা বলা হচ্ছে। সকাল ৮টাতেও মনে হচ্ছে মধ্য আকাশে সুজ্জি মামা দেখা দিয়েছে আর তার সাথে কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গুমোট গরম। রাস্তায় বেরলেই নিজেদেরকে কেমন জানি কাবাব হয়ে যাচ্ছি মনে হচ্ছে না?
তবে এই কাবাবের সঙ্গে একটু যদি কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় তবে তার টেস্টটা যেন বহুগুণে বেড়ে যায়। আর এই কোল্ড ড্রিঙ্কের খোঁজ দিল হাওয়া অফিস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টির পর ধীরে ধীরে কমতেও পারে তাপমাত্রা।
তবে, গরম তার খেল দেখাবে আজ। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পারদ থাকবে থাকবে ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই আরও দাপট দেখাবে তাপপ্রবাহ। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকার আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের পাশাপাশি পশ্চিমের জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। ৩ – ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
পাশাপাশি আজ সন্ধেবেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। দ্বিতীয় দফার নির্বাচনের দিনও কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভালোই বৃষ্টিপাত হতে পারে।
একনজরে উত্তরবঙ্গ।
উত্তরবঙ্গে মোটের উপর ভালোই রয়েছে আবহাওয়া। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে দার্জিলিং, মালদা এবং কোচবিহারে। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ২৬ থেকে ২৭ এপ্রিল।