ওঙ্কার ডেস্ক: নির্বাচনে কমিশনের নির্দেশ অমান্য করায় গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করেছিল নির্বাচন পরিচালক সংস্থা। এবার ডায়মন্ড হারবারের এক আইপিএস-সহ পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন।
কমিশন সূত্রে খবর, অসদাচরণ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন সাসপেন্ড হওয়া পুলিশ কর্তা ও আধিকারিকরা। আর সেই কার্বনে তাঁদেরকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রিপোর্ট পাঠিয়েছিলেন কমিশনকে। সেই রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশ কর্তা ও আধিকারিকদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মন্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী। ফলতা থানার আইসি অজয় বাগ, উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ। এই আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে এসপি-কেও।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করার। তিনি একটি চক্রের সঙ্গে আঁতাত করে নির্বাচনী ময়দানে সমস্ত দলের জন্য সমান সুযোগ দেওয়ার পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। সে কারণে কমিশন তাঁকে সাসপেন্ড করে। তাঁকে সরিয়ে দেওয়ার পর ওই শূন্য পদের জন্য কমিশন নবান্নকে নির্দেশ দিয়েছে দ্রুত নাম প্রস্তাব করার।