ওঙ্কার ডেস্ক: জইশ ই মহম্মদের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। বর্ধমান শহর থেকে তাকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। তদন্তকারীরা জানান, কাশ্মীরের বাসিন্দা ওই যুবক জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করত। তার নাম হামিদ মণ্ডল। এই নাম ছাড়াও অন্য কোনও নাম ব্যবহার করত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবারই তাকে বর্ধমান আদালতে তোলার প্রস্তুতি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে ‘রেনেসাঁ কমপ্লেক্স’ এ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল হামিদ। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর এসটিএফ জানতে পেরেছে, এর আগে নিউটাউনে থাকত ওই যুবক। কলকাতার উপকন্ঠে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত সে। সেটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের কাছাকাছি। গোয়েন্দারা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের কাছে ওই সন্দেহভাজন কী ভাবে থাকছিলেন, কী উদ্দেশ্য ছিল তার তা নিয়ে ভাবছেন তদন্তকারীরা।
এসটিএফ এর এক তদন্তকারী জানান, শুভেন্দু অধিকারীর চলাফেরার উপর নজর রাখত হামিদ। মুখ্যমন্ত্রী যে রাস্তা ধরে নিউটাউনের ফ্ল্যাটে ফিরতেন, সেই সমস্ত রাস্তায় সে রেকি করেছিল। জইশের হ্যান্ডলারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখত হামিদ। ধৃত যুবক আদতে পাকিস্তানের বাসিন্দা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিউটাউন এবং বর্ধমানে যারা হামিদকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।