নিজস্ব প্রতিনিধি, বারাসাত: খুনের মামলায় তৃণমূল বিধায়কের আনিসুরকে দুদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। এলাকায় তোলাবাজি হুমকি মারধর এমনকি খুনের মামলায় অভিযুক্ত আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই আনিসুর রহমানকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আনিসুর রহমানকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর এক ব্যক্তিকে মারধর করে এবং বন্দুক ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেয় আনিসুর। ২০২৪ সালে খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ছিল তাঁর। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার মতো একাধিক অভিযোগ ছিল। তারই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে আনিসুর রহমানকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আনিসুর সদুত্তর না দেওয়ায় আমডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার বারাসাত আদালতে তোলে। এদিন বারাসাত আদালত আনিসুরকে তদন্তের জন্য দু’ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।