নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার; কাটমানির টাকা ফেরত চেয়ে বাজারে পড়লো পোস্টার। মালদার ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার এলাকার ঘটনা। অভিযোগের তীর চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। মালদার ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনি সংলগ্ন এলাকায় রয়েছে এই বাজার। বছর তিনেক আগে এই বাজার নতুন করে সংস্কার হয়। সেই সময় প্রায় দেড়শোটি দোকান ও প্লাটফর্ম বিক্রি করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ তাদেরকে যে স্লিপ দেওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি অর্থ নেওয়া হয়েছে। আর এই অত্যাধিক কাটমানি ফেরত এর দাবিতে মঙ্গলবার সকালবেলা গোটা বাজার জুড়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে প্লাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে যে কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। যদিও পুরসভা ও কাউন্সিলরকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।