ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে রাজ্যে ঘটেছে পালাবদল। দীর্ঘ ১৫ বছরের ঘাসফুল শিবিরকে পরাস্ত করে রাজ্যে ক্ষমতায় এসেছে পদ্ম। আর তার পর থেকেই তৃণমূলের একের পর এক দুর্নীতির খাতা খুলতে শুরু করেছে। কারও রয়েছে আয়বহির্ভূত টাকা কারও রয়েছে প্রাসাদসম বাড়ি। এই অবস্থায় রাজ্যের নতুন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। যাতে নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল তৃণমূলের। শনিবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শান্তনু তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। আরজি কর আন্দোলনের সময়ে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। তবে ফের তৃণমূলের সঙ্গে শান্তনুর দূরত্ব ঘুচে গিয়েছিল। বিজেপিকে অভিনন্দন জানিয়ে শান্তনুর শনিবারের পোস্ট তাই নতুন করে অস্বস্তিতে ফেলেছে জোড়াফুল শিবিরকে।
নতুন বিজেপি সরকার কে সমর্থন করে তিনি লেখেন, ‘’ চিকিৎসা আন্দোলনের দীর্ঘ দিনের সৈনিক হিসাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার ও তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।‘’ প্রসঙ্গত, এর আগে আরজি কে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও রহস্য মৃত্যুর ঘটনায় ‘রাত জেগেছিলেন’ তিনি। এমনকি আন্দোলন কে সমর্থন জানিয়ে ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে দলের সমীকরণ নিয়ে তখন বিস্তর জলঘোলা হয়েছে। তৃণমূলের মুখপাত্রের পদ হারিয়েছিলেন তখনই। এর কয়েক মাসের মধ্যে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। কত দিনের জন্য সাসপেন্ড, তা উল্লেখ করা হয়নি। তৃণমূলে শান্তনু সেন দলের ভেতরে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এর আগেও বিজেপির তরফ বথেকে দাবি তলা হয়েছিল যে তাঁর মেয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা তে প্রভাব খাটিয়ে ডাক্তারি কলেজে চান্স পেয়েছিলেন কিন্তু, পরবর্তী কালে তিনি প্রমাণ সহকারে এই অভিযোগ কে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর সেই শান্তনুই এ বার বেসুরো। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে নিজের পদ উল্লেখ করে এবং শুভেন্দুদের অভিনন্দন জানিয়ে দলকেই কোনও বার্তা তিনি দিতে চাইলেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।