ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফর শুভেন্দু অধিকারীর। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, মানুষের স্বপ্নপূরণ হবে। এক বছরের মধ্যে সংকল্পপত্র পূরণ হবে। এবার থেকে প্রতি মাসে উত্তরবঙ্গে আসবেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের কর্মযজ্ঞ খতিয়ে দেখবেন। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের কাজকর্ম দেখাশোনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করে তাঁদের দাবিদাওয়া-কথা শুনবেন।
মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের পূণ্যভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছে, উন্নয়নের মাধ্যমে সেসব কিছু করে উত্তরবঙ্গের ঋণ শোষ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে।” পাশাপাশি উত্তরকন্যাকে এবার থেকে পুরোমাত্রায় চালু করা হবে। সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতি সপ্তাহে একদিন উত্তরকন্যায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন। ১১টা থেকে ১টা পর্যন্ত তিনি উত্তরবঙ্গের উন্নয়নের কর্মসূচির প্রতিটি কাজের খতিয়ান করবেন। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।”
উত্তরকন্যায় পৌঁছনোর আগে শিলিগুড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে যান শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার আগে রাস্তায় মাঝেমধ্যেই থমকেছে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। ছোট শিশুকে কোলে নিতেও দেখা যায়। জনজোয়ারে ভেসে মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির বিজেপি কার্যালয়ে যান।